দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধরলা নদী পাড়ি দিয়েই পৌঁছাতে হয় কাগজিপাড়া চরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই চরাঞ্চলের মানুষের কাছে চিকিৎসা যেন এক বড় সংগ্রামের নাম। ঈদের সময়েও অনেক পরিবারকে ভুগতে হয় নানা শারীরিক সমস্যায়। এমন বাস্তবতায় অসহায় চরবাসীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী।
শনিবার (৩০ মে) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ সাত শতাধিক চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
সকাল থেকেই দূর-দূরান্তের বিভিন্ন চর এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
কাগজিপাড়া চরের বাসিন্দা আফরোজা বেগম বলেন, ‘আমাদের চরে ডাক্তার পাওয়া খুব কষ্টের। অসুস্থ হলে নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। এই ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে।’
আরেক বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘ঈদের সময় এমন আয়োজন সত্যিই আমাদের জন্য অনেক বড় সহায়তা। গরিব মানুষ চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছে।’
স্থানীয় আল আমিন সরকার বাবলা বলেন, ‘আমাদের এখানকার মানুষ সবকিছু থেকেই পিছিয়ে। বিশেষ করে চিকিৎসা নিতে গেলে জেলা শহরে যেতে হয়, যেটা অনেকের সামর্থ্যের বাইরে। আজ এখানে চিকিৎসা পেয়ে চরবাসী অনেক খুশি।’
আয়োজক হলোখানা ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, ‘চরের মানুষ এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আরিফ, আল আমিন সরকার বাবলা, আশরাফুল হক, রানা মিয়া, উর্মি ইসলাম, তামান্না সরকার, শাহানাজ পারভীন, আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এমএস/